ঢাকা: দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১০ বছরের উৎপাদন, আমদানি-রপ্তানি ও বাজার তথ্য বিশ্লেষণ করে এআই আগাম সম্ভাব্য সংকট শনাক্ত করতে সক্ষম হবে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ সরবরাহ সংকট। কোনো পণ্যের উৎপাদন বা আমদানিতে সমস্যা দেখা দেওয়ার আগেই প্রস্তুতি নেওয়া গেলে বাজারে অস্থিতিশীলতা এড়ানো সম্ভব হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য ভর্তুকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণ নয়, বরং সরবরাহ ব্যবস্থা সচল রাখা।
তিনি জানান, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে কোন সময়ে কোন দেশ থেকে আমদানি করলে বেশি সুবিধা পাওয়া যাবে, তাও এআই বিশ্লেষণের মাধ্যমে জানা সম্ভব হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে সভা করতে হয়। তবে এআইভিত্তিক প্ল্যাটফর্ম চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া যাবে। এটি সম্ভাব্য ঘাটতি, আমদানির উপযুক্ত সময় এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা দেবে।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে নয়, কৃষি, খাদ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে নিয়ে সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করবে। নির্ভরযোগ্য সরকারি তথ্যের পাশাপাশি আন্তর্জাতিক ওপেন সোর্স ও সাবস্ক্রিপশনভিত্তিক তথ্য ব্যবহার করে সমৃদ্ধ ডেটাবেজ গড়ে তোলা হবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এআইভিত্তিক এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর হবে, গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ সারা বছর স্থিতিশীল রাখা সহজ হবে এবং ভোক্তাদের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হবে।