Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন চাপে ইনফান্তিনো, আসছে পদত্যাগের ঘোষণা?

ক্রীড়া ডেস্ক
২ আগস্ট ২০২৬ ১১:৫২ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১২:৩২

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। ফিফার বর্তমান নেতৃত্বের ওপর আর আস্থা নেই বলে জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এবার তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করল উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও। আর এতেই ধারণা করা হচ্ছে, চাপের মুখে পদত্যাগও করতে পারেন ফিফা প্রেসিডেন্ট।

নেতৃত্বের সংকট নিয়ে ইনফান্তিনো ও ফিফার তীব্র সমালোচনা করেছে কনকাকাফ। তারা বলছে, জবাবদিহিতা কখনোই ‘ঐচ্ছিক’ হতে পারে না।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসের অধীনে নেওয়ার পরিকল্পনা করছিল ফিফা। সেটা অবশ্য উয়েফার তীব্র প্রতিবাদে বন্ধ করতে বাধ্য হন ইনফান্তিনো।

বিজ্ঞাপন

প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কনকাকাফের ৪১টি সদস্য সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ‘উয়েফার সদস্য দেশগুলো যে সাহস ও ঐক্য দেখিয়েছে, কনকাকাফ তার প্রশংসা করে। ফুটবলের দীর্ঘমেয়াদী স্বার্থ এবং সুশাসনের নীতি রক্ষায় সবাই একতাবদ্ধ হয়েছে।‘

তবে প্রস্তাবটি প্রত্যাহারে সন্তুষ্ট হলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ধরনের একটি বড় ও বিতর্কিত প্রস্তাব দুর্ঘটনাবশত এত দূর পৌঁছায়নি। এটি পরিষ্কারভাবে এমন নেতৃত্বের লক্ষণ, যা ফুটবলকে প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে না।‘

ইনফান্তিনোর আমলে একের পর এক নেওয়া একতরফা সিদ্ধান্ত মানতে পারছে না কনকাকাফ, ‘বর্তমান সভাপতির সামগ্রিক কার্যক্রম নিয়ে এখন পূর্ণাঙ্গ পর্যালোচনার সময় এসেছে।‘

ফিফা কাউন্সিলে সুশাসন ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে কনকাকাফ তাদের চাপ অব্যাহত রাখবে বলেই জানানো হয়েছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর