ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম হুমায়ুন কবির বলেছেন, সৌদির সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা সৌদির সাথে সম্পর্ককে কেবল তীর্থযাত্রা—যেমন ওমরাহ বা হজ—এর মধ্যেই সীমাবদ্ধ রাখছি না। এ কারণে আমরা সৌদি জোটে রয়েছি।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মন্ত্রণালয়ে সাংবাদিকরা জানতে চান আমরা সৌদি জোটে, সৌদি প্রতিরক্ষা জোটে জয়েন করলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা কী, যদি একটু বলতেন, উদ্দেশ্যটা কী-
এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেখেন মূল বিষয় হচ্ছে সৌদির সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এবং আমরা সৌদির সাথে সম্পর্ককে কেবল তীর্থযাত্রা—যেমন ওমরাহ বা হজ—এর মধ্যেই সীমাবদ্ধ রাখছি না। কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে কৌশলগত এবং অত্যন্ত মজবুত।
তিনি আরও বলেন, সৌদি আরব দুটি পবিত্র মসজিদের রক্ষক তাই তাদের সাথে আমাদের একটি বিশেষ সম্পর্ক আছে। তাই যেকোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে কোনো সহায়তার প্রয়োজন হলে, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সবসময়ই সাড়া দেবে এবং সহায়তা করবে। মূলত এটি সেখানে হুতিদের যে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলার জন্য।
তিনি আরও বলেন, অন্যদিকে আমরা কিন্তু ইরানের সাথেও কথা বলছি। তাই, এটি এমন কিছু নয়, যা ইরানের বিরুদ্ধে সরাসরি নির্দিষ্ট করা।