Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলতি সপ্তাহে কমতে পারে বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১১:৫৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৫:২১

ঢাকায় বৃষ্টি। ফাইল ছবি

ঢাকা: মৌসুমির সক্রিয়তা কিছুটা কমে আসায় দেশজুড়ে ভারী বৃষ্টির প্রবণতা হ্রাস পেলেও রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে বৃষ্টির এই প্রবণতা আরও কমতে পারে।

সোমবার (৩ আগস্ট) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে। তবে আগামী পাঁচ দিন সারাদেশেই বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে।

বিজ্ঞাপন

আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর