Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিডিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৫:০৪ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৮:০২

ঢাকা: মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই। বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ভেতরে ব্যবসায়িক হাউজের নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের নিজেদের মধ্যকার অনৈক্যের কথা তুলে ধরে তিনি গণমাধ্যমগুলোতে যোগ্য ব্যক্তিদের সঠিক নিয়োগ ও পরিবেশ নিশ্চিত করার কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন,তা নিয়ে ভিন্নমত তৈরি হলেও এসব বিষয়ে সংসদে আলোচনা হবে। তিনি আরও বলেন, সরকারের বয়স মাত্র পাঁচ মাস কয়েক দিন হয়েছে এবং এর মধ্যেই সবকিছু নিখুঁতভাবে করা সম্ভব নয়। তাই ইতিবাচক মনোভাব নিয়ে সরকারকে কাজ করার সুযোগ দিন।

দেশকে এগিয়ে নিতে নিজেদের ভেতরের সমস্যা ও মারামারি বন্ধ করে সহনশীল হওয়ার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের বেকারত্ব ও তাদের পরিবারের দেখভালের বিষয়গুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং উত্থাপিত সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর