ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ তদন্তের অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চান। শুনানি শেষে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে আগামী ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন।
সকালে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত সহিংসতায় ১৭ জন নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। এর আগে গত ২২ জুলাই চার আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে ট্রাইব্যুনাল-২। সেই ধারাবাহিকতায় সোমবার তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়।