ঢাকা: নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার নাম ব্যবহার করে ফেসবুকে একটি বক্তব্য প্রচার করেছে, যা বিএনপির দফতর থেকে কোনো মাধ্যমে প্রকাশ বা প্রচার করা হয়নি।
রিজভী বলেন, তার নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে তিনি সাধারণ জনগণ এবং বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম ব্যবহার করে প্রচারিত ওই ভুয়া বক্তব্যে বিভ্রান্ত না হতে এবং এ ধরনের অপপ্রচারে কান না দিতে।
তিনি আরও বলেন, দলীয় বা ব্যক্তিগত কোনো বক্তব্য প্রকাশের ক্ষেত্রে বিএনপির দফতর থেকে আনুষ্ঠানিকভাবে তা প্রচার করা হয়। তাই অননুমোদিত কোনো বক্তব্যকে সত্য হিসেবে গ্রহণ না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।