Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৫:৫৭

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির এ দেশে রাজনীতি করার অধিকার নেই- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িত কোনো মাফিয়া শক্তিকে বাংলাদেশের মানুষ আর রাজনীতি করার সুযোগ দেবে না এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিচারের দাবি তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারিক প্রক্রিয়া আদালতের মাধ্যমে নির্ধারিত হবে এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে ।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবিধানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, সংস্কার কমিশন বা রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাস্তব পরিবর্তনের জন্য সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণ করা প্রয়োজন, যা হবে শতাব্দীর সবচেয়ে ঐতিহাসিক সংশোধনী।

বিগত সরকারের গুম, খুন ও ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আয়নাঘরে ৬১ দিন থাকার অভিজ্ঞতা আমার নিজের আছে। সেখানে ২৪ ঘণ্টাও থাকা কঠিন, আমরা সেখানে থেকেছি।”

এ সময় তিনি ইলিয়াস আলীসহ গুম হওয়া অসংখ্য মানুষের ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার ওপর জোর দেন। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন প্রসঙ্গে তিনি জানান, যারা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে এবং আহতদের শ্রেণিভিত্তিক তালিকা করে সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি তাদের দ্রুত অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল হিসেবে মতপার্থক্য থাকতেই পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর