Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারের কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৫:৩২

ঢাকা: সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, বই অন্ধকার ঘোচাতে বাতির মতো কাজ করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প তৈরি হয়নি। বিজ্ঞানীরা যেসব তত্ত্ব ও প্রযুক্তির কথা লিখেছেন, বইয়ের মাধ্যমে পরবর্তী প্রজন্ম সেগুলো পড়েছে, চর্চা করেছে এবং নতুন নতুন আবিষ্কারের পথ তৈরি করেছে। বই না পড়লে এবং জ্ঞান অর্জন না করলে মানুষের মনের জগত ও বিশ্বজগত—দুটিই অন্ধকার হয়ে থাকবে। বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলেই বহির্জগতের অন্ধকারও দূর করা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে রিজভী বলেন, এই সময়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ড পরিসংখ্যানসহ বইটিতে তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং সামনে হেলথ কার্ড চালুর উদ্যোগসহ গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের চিত্রও এতে রয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি দিন-রাত কাজ করছেন। দেশের মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে গিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিজেই দেখছেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী কোনো গাফিলতি করছেন না। যারা দায়িত্বে অবহেলা করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, তাদের অনুপ্রাণিত করা হচ্ছে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বা সরকারের ভালো কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, এই বই তাদের অপপ্রচারের জবাব দিতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ভূমিকা রাখবে।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর