Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৬:৫০

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

‎ঢাকা: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

‎সোমবার ১০ আগস্ট জানা গেছে, সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এই অভিযোগটি জমা দেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক এই রাষ্ট্রপতি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বে থাকাকালে এই বিশাল অঙ্কের ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

‎অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতি করে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়। পরবর্তী সময়ে উক্ত বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে সম্পূর্ণ অবৈধভাবে এই ঋণ বরাদ্দ পাইয়ে দিতে মূল ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। সে সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ইসলামী ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দেন এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হন।

‎ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার বিস্তারিত তদন্ত পরিচালনা করে এসব অসঙ্গতি ও অনিয়ম খুঁজে পেয়েছে বলে দুদকে পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর