ঢাকা: অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের রূপরেখা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিন বলেছেন, বিগত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনকালে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় কাঠামো মেরামত এবং জনগণের সরাসরি ভোটে অর্জিত ম্যান্ডেট বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশি জাতীয়তাবাদের মূল আদর্শকে ধারণ করে ধর্ম, বর্ণ ও মতাদর্শের সকল বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে একটি সমতাভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ করা হচ্ছে ।
বুধবার (১২ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ডের মতো যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। সরকার গঠনের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া ঋণ ও সুদ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজান ও দুই ঈদে দ্রব্যমূল্য কার্যকর নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর ও ভ্যাট হ্রাসের মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও স্বস্তি নিশ্চিত করা হয়েছে ।
তরুণ সমাজ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে জনাব মাহ্দী আমিন বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের অংশ হিসেবে স্বাস্থ্য খাতে সোশ্যাল কেয়ার ও মেডিক্যাল কেয়ারের আওতায় প্রায় এক লাখ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার প্রায় ৮০ হাজার পদেই নারীদের সুযোগ দেওয়া হবে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুকরণ, অভিন্ন পোশাক প্রবর্তন এবং শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি যুগোপযোগী ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার কাজ চলমান রয়েছে।