Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১১:৫১

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। ফাইল ছবি

ঢাকা: জনপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমদ।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়। তবে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে। সমাজের চাহিদা অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্যক্রম শেষ করার ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে। অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যান্য শৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে সালাহউদ্দীন আহমদ বলেন, ‘বাহিনীগুলোর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কার, অ্যাওয়ার্ড, সনদ ও পদোন্নতি দেওয়া হচ্ছে। ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে।’

সালাহউদ্দীন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং পুলিশ বাহিনী নিজেদের জনবান্ধব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।

এ জন্য গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব-উন-নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর