ঢাকা: জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের আচরণ ও পরস্পরকে বাধা দেওয়ার ঘটনায় বর্তমান সংসদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্বকালে তিনি বলেন যে তিনি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। একে অপরকে কথা বলার সুযোগ না দিয়ে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখা গেছে তা সংসদের জন্য ভালো লক্ষণ নয় বলে উল্লেখ করেন। অনেক সংগ্রামের পর গণতন্ত্র অর্জিত হয়েছে এবং এই গণতন্ত্র বহাল রাখার দায়িত্ব প্রতিটা সংসদ সদস্যের। সদস্যদের সংসদীয় কার্যপ্রণালি বা রুলস অব প্রসিডিউর পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যে স্পিকার যখন কথা বলেন তখন সবাইকে বসে তা শুনতে হয়। এসব আইন ও নীতি না মেনে তা ভঙ্গ করলে এই সংসদ বেশিদিন চলবে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
অধিবেশন চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে পারেননি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন যে এটি কোনো সংসদীয় প্রশ্ন নাকি পল্টনের বক্তৃতা তা তিনি বুঝতে পারেননি। এই মন্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর পুনরায় বক্তব্য প্রদানকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে কথা বলার পূর্ণ স্বাধীনতা সদস্যদের রয়েছে। বিরোধীদলীয় নেতা দাঁড়িয়ে কথা বলার সময় তার পেছনে অন্যান্য সব সদস্য দাঁড়িয়ে যাওয়ায় কাউকে বসানো সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, সংসদ মূলত কথা বলার এবং যুক্তির মাধ্যমে একে অপরের বক্তব্য খণ্ডন করার স্থান।
স্পিকার বলেন, ‘আমি আমার জ্ঞান-বুদ্ধি দিয়ে সংসদ পরিচালনার করার চেষ্টা করছি। বিগত ৪০ বছর ধরে এই জাতীয় সংসদে আছি। অতীতে অনেক খারাপ রেকর্ড আছে। আমরা বলতে পারি অতীতের তুলনায় আমরা ভালো সংসদ পেয়েছি। আমরা উভয় পক্ষকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাবো।’