রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাত একটার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কাওয়াফান্দা বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে এলাকার বট গাছের নিচে অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখে তারা পুলিশে খবর দেয়।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।