Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনতা ব্যাংকের পদোন্নতির জট নিরসনসহ অর্গানোগ্রাম অনুমোদনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১২:৩০

প্রেসক্লাবের সামনে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের মানবববন্ধ‌ন।

ঢাকা: জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, পদোন্নতির জট নিরসন এবং বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ।

শনিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের মানবববন্ধ‌নে বক্তারা ব‌লে, একটি ব্যাংকের প্রশাসনিক কাঠামো, পদ সৃষ্টি, নতুন নিয়োগ, জনবল ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন ও নিয়মিত পদোন্নতির ভিত্তি হলো অনুমোদিত অর্গানোগ্রাম। কিন্তু জনতা ব্যাংকের নতুন অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে ব্যাংকটির কর্মকর্তাদের পদোন্নতিতে জট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পরিষদের দাবি, ২০১৯ সালে ৩১ ডিসেম্বর ২০১৮-এর কাট-অফ তারিখের ভিত্তিতে জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মোট ১ হাজার ৯২৬ জন কর্মকর্তাকে সুপারনিউমেরারি পদে পদোন্নতি দেওয়া হয়। পরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২২ সালের ২১ নভেম্বরের নির্দেশনায় অর্গানোগ্রামের বাইরে সুপারনিউমেরারি পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ নেই বলে জানানো হয়। এরপরও ২০২৪ সালে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ৩১ ডিসেম্বর ২০২৩-এর কাট-অফ তারিখের ভিত্তিতে বিভিন্ন গ্রেডে মোট ৭ হাজার ২১৫ জন কর্মকর্তাকে সুপারনিউমেরারি পদে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে জনতা ব্যাংকের বিভিন্ন গ্রেডে ৫৭৯ জন কর্মকর্তা সুপারনিউমেরারি পদোন্নতি পান বলে জানিয়েছে সংগঠনটি।

বক্তারা আরও ব‌লেন, সুপারনিউমেরারি পদে পদোন্নতির বিষয়ে নিষেধাজ্ঞা থাকার পরও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে ৭ হাজার ২১৫ জনকে এ ধরনের পদোন্নতি দেওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে আসে। ২০২৫ সালের ৩০ জুলাই এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে দাবি করা হয়েছে। এরপর ২০২৫ সালের ১৪ অক্টোবর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নির্দেশ দেয়, সুপারনিউমেরারি পদোন্নতির সমন্বয় সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত পদোন্নতি স্থগিত থাকবে। এর পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ সুপারনিউমেরারি পদ সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।

এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ৩ মার্চ বিভিন্ন গ্রেডের ৮৮৫ জন সুপারনিউমেরারি কর্মকর্তাকে নিয়মিত করা হয়। সংগঠনটির দাবি, ৩১ ডিসেম্বর ২০২৪-এর কাট-অফ তারিখ অনুযায়ী পদোন্নতির যোগ্য কর্মকর্তাদের বিবেচনায় এ নিয়মিতকরণ করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বলেছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৫ সালের ৭ জুলাইয়ের নির্দেশনার আলোকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সংশোধিত অর্গানোগ্রামের প্রস্তাব পাঠায়। এর মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংকের অর্গানোগ্রাম ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত নতুন অর্গানোগ্রামের প্রস্তাব ২০২৫ সালের ১১ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। দীর্ঘ সময় পার হলেও এখনো সেটি অনুমোদন হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্বের কোনো যৌক্তিক কারণও জানা যায়নি বলে তাদের দাবি।

সংগঠনটির ভাষ্য, জনতা ব্যাংকের অনেক কর্মকর্তা এখনো ২০২৪ সালের নিয়মিত পদোন্নতি থেকে বঞ্চিত। প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন না হলে পদোন্নতির অপেক্ষায় থাকা হাজারো কর্মকর্তার পদোন্নতি আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ২০২৪ ও ২০২৫ সালের কাট-অফ তারিখভিত্তিক পদোন্নতির জট আরও বাড়বে এবং ব্যাংকে প্রশাসনিক সংকট তৈরি হবে। জনতা ব্যাংকের প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম অনুমোদিত হলে ব্যাংকটির মোট জনবল ১৮ হাজার ৩৭ থেকে বেড়ে ২১ হাজার ৮১৭ হবে। এতে দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসনের সুযোগ তৈরি হবে বলে মনে করছে কর্মকর্তা ঐক্য পরিষদ।

মানববন্ধন থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে-

১. জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন করতে হবে।
২. অর্গানোগ্রাম অনুমোদন না হওয়া পর্যন্ত সুপারনিউমেরারি কর্মকর্তা বা পদকে নিয়মিতকরণ বাতিল বা স্থগিত করতে হবে।
৩. অর্গানোগ্রাম অনুমোদনের পর ৩১ ডিসেম্বর ২০২৪ ও ৩১ ডিসেম্বর ২০২৫-এর কাট-অফ তারিখ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে হবে।
৪. অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে জনতা ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে বৈষম্য ও দীর্ঘদিনের জট নিরসন করতে হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের নেতা মো. মোতাহের হোসেন বলেন, ‘জনতা ব্যাংকের কর্মকর্তাদের এই ন্যায্য দাবি শুধু পদোন্নতির দাবি নয়; এটি ব্যাংকের দক্ষতা, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও গ্রাহকসেবার স্বার্থের সঙ্গে যুক্ত।’ তিনি দ্রুত প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন করে পদোন্নতির জট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর