ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র-যমুনা নদী অববাহিকায় পানি সমতল বৃদ্ধির ধারা পরিলক্ষিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংস্থাটির দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন এই নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং এর পরবর্তী দুই দিন পানি পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি কমছে, তবে কতিপয় নদীর পানি সাময়িকভাবে কিছুটা ওঠানামা করতে পারে।
উত্তরাঞ্চলের নদীসমূহের বর্তমান পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কে তারা জানান, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজান এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এই তিন নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়। একই সময়ে গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল অবস্থানে রয়েছে এবং পরবর্তী দিনগুলোতেও বড় কোনো পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করা হয়নি।
দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে তারা বলেন, চট্টগ্রাম বিভাগের মুহুরী ও কংস নদীর পানি বৃদ্ধি পেলেও গোমতী, হালদা, ফেনী, সেলোনিয়া ও সাঙ্গু নদীর পানি কমছে। উজান ও ভাটি অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী এক দিন দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নদীগুলোর পানি কমার ধারা অব্যাহত থাকতে পারে, তবে পরবর্তীতে তা পুনরায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিক সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমার ধারায় থাকলেও তৃতীয় দিন শেষে পানি সমতলে আবার কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।