Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৩:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৭

ঢাকা: জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, শনিবার (২৭ এপ্রিল) প্রত্যক্ষ ও পরোক্ষ চাপের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা দলটিকে পরিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই ’৭৫ এর ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিদের মদদ দিয়েছে জিয়া-মোশতাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্তের রাজনীতি শুরু। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

সারাবাংলা/এনআর/ইআ
বিজ্ঞাপন

আরো