Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত

সারাবাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪ ১৪:২৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ ১৭:০৮

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৬ অক্টোবর) আবহাওয়া সংস্থাটির বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

নিম্নচাপটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপ্সাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতা মেনে চলার জন্য বলা হয়েছে।

সারাবাংলা/এনজে/ইআ
বিজ্ঞাপন

আরো