Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের ৪৮ ঘণ্টা কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬

ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

ঢাকা: আবারো ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এছাড়া, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তারা স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট প্রাঙ্গণে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তন্ময় হাসান এ কর্মসূচির ঘোষণা দেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘ডাক্তার’ পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো।

বিজ্ঞাপন

এদিকে, গত পরশু থেকে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে আজ কয়েকশ ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় অংশ নেন বেশ কয়েকজন চিকিৎসকও। পরে আন্দোলনরত চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মবিরতির ঘোষণা দেন। কর্মবিরতি চলাকালে তারা একাডেমিক শাটডাউন পালন করবেন।

আন্দোলনকারীরা জানান, ২০১৩ সালে মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। ১১ বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছেন। হাইকোর্ট আজ রিট আবেদনের শুনানি সম্পন্ন করেছেন এবং রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ তারিখ ধার্য করেছেন, এটি তাদের প্রাথমিক বিজয়।

সারাবাংলা/এমএইচ/এনজে