Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেট জব্দ, বিএনপি কর্মীসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৪:১৬

যৌথ বাহিনীর জব্দ করা ভারতীয় সিগারেটসহ গ্রেফতার চার

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টুন ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় পাচারের সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এসব অবৈধ সিগারেট উদ্ধারের পর জব্দ করা হয়।

জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ। আটকরা হলেন- জেলার কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০), উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল (৩৮), উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন (৩৫) ও বাড়ির মালিক মো. শামশুদ্দিন।

বিজ্ঞাপন

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙ্গামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ পালটে যায় পাচারকারী গ্রুপের।

বুধবার (৫ মার্চ) রাতে রাঙ্গামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কাটুন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় আটকরা বেতছড়ি এলাকার জনৈক সামশুদ্দিনের বাড়িতে লুকিয়ে রাখে পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় কাউখালী থানার এসআই জুলফিকার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের বাহিরেও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/এনজে