Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে অবৈধ ৪ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২৩:১৩ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২৩:১৫

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় পরিবেশ অধিদফরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় চারটি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ ভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ নেতৃত্বে একটি টিম। এ সময় বোদা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভাটার চুলায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন, ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযানে বোদা উপজেলার বিভিন্ন এলাকার মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এমএমএল ব্রিকস, মেসার্স এএবি ব্রিকস ও মেসার্স বিবি ব্রিকস নামে চারটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ এক্সেভেটর দ্বারা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। ভাটার বেশ কিছু অংশ গুঁড়িয়ে দেওয়াসহ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যদি আবারো অবৈধ ভাবে কার্যক্রম শুরু করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো