চট্টগ্রাম: নকশাবহির্ভূত নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনার দায়ে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোডের উৎসব সুপারমার্কেটের আউটলেটটিকে জরিমানা করেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।
এ অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে উৎসব সুপার শপের অনুমোদিত নকশা পর্যালোচনা করে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পাশাপাশি বাণিজ্যিক ভবনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একইসঙ্গে আগামী ২৭ নভেম্বরের মধ্যে নকশায় থাকা ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, ‘উৎসব সুপারমার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা দেখাতে পারেনি। আমরা পরিদর্শন করে দেখেছি, বাণিজ্যিক ভবন হলেও সেখানে নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিংয়ের ব্যবস্থা নেই। তারা রাস্তার জায়গায় পার্কিং করছে বলে জানিয়েছে। এসব অনিয়মের কারণে ম্যাজিস্ট্রেট ৮ লাখ টাকা জরিমানা করেছেন।’
তিনি বলেন, ‘ভবন কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তারা অনুমোদিত নকশা অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্যবস্থা না নিলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া, সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগে আরেকটি নির্মাণাধীন ভবনের সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় ভবনমালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।