Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘোষণা দিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ব্যর্থতা মানতে নারাজ ডিএমপি

স্পেশাল করেসপডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:৫১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:০৭

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (ফাইল ছবি)

ঢাকা: আগাম ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর রাজধানীতে মিছিল করলেও পুলিশের ব্যর্থতা মানতে নারাজ ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল করা পুলিশের গোয়েন্দা ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি এ কথা বলেন।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সে রকম কোনো গোয়েন্দা বাহিনী নেই। ডিবি ওই অর্থে গোয়েন্দা না। গোয়েন্দা বাহিনীর প্রধান কাজ হচ্ছে অগ্রীম ইন্টেলিজেন্স কালেকশন। ডিবি মূলত ক্রিমিনালদের (অপরাধী) নিয়ে কাজ করে। ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পুলিশ চাইলে আগেই প্রতিরোধ করতে পারতো, এতে মুসল্লিরাও আক্রান্ত হতো। চাইলে আমরা গেইটেই তাদের ডিসপাচ করতে পারতাম কিন্তু সেখানে আমরা অ্যাকশনে গেলে মুসল্লিরা আক্রান্ত হতেন। মুসল্লিদের ক্ষতি হতে পারতো, সেজন্য অত্যন্ত সুক্ষ্মভাবে চিন্তাভাবনা করে তাদের বিচ্ছিন্ন করে পল্টন মোড় থেকে বিজয়নগরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা অ্যাকশনে গেছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘পরশু থেকে এখন পর্যন্ত হিযবুত তাহরীরের ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

ঘোষণা দেওয়ার আগে থেকেই ঢাকায় টানা কয়েকদিন ধরে হিযবুত তাহরীর পোস্টারিং করছিল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন রাত আড়াইটার সময় আপনি একাও ৫০০ পোস্টারিং করে আসতে পারবেন। ঢাকা শহরে এতো গলি, আপনি যদি মনে করেন আজকে রাতে আমি পুলিশ কমিশনারের বিরুদ্ধে ৫০০ পোস্টারিং করব, এটা সম্ভব।’

ককটেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কাজ করছি, খতিয়ে দেখছি। ধৈর্য ধরেন, বের হবে।’

ঢাকায় মবের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালও বলেছেন। ২-৩টি ঘটনা হয়ে গেছে। যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন ল এনফোর্সমেন্ট এজেন্সি। আমি সবাইকে অনুরোধ করব, কোনোভাবেই কোনো বাড়িতে, কোনো অফিসে অভিযান চালিয়ে তছনছ করার অধিকার কারো নেই। কোনো খবর থাকলে আমাদের খবর দিন, অভিযান আমরা পরিচালনা করব।

এ সময় উপস্থিত ছিলেন— ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম।

সারাবাংলা/ইউজে/এইচআই