Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ বছর কর ও ভ্যাট মওকুফ চায় কংক্রিট ব্লক প্রস্তুতকারকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২২:০৬

ঢাকা: বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির নেতারা বলেছেন, যেখানে পরিবেশবান্ধব খাত হিসেবে প্রণোদনা পাওয়া প্রাপ্য, সেখানে ব্লক ফ্যাক্টরি মালিকরা পাচ্ছেন হয়রানি আর অতিরিক্ত ভ্যাট ও করের বোঝা। আমরা এ সম্ভাবনাময় খাতকে আগামী ৫ বছরের জন্যে সম্পূর্ণভাবে কর ও ভ্যাটমুক্ত ঘোষণার দাবি জানাই। আমরা মনে করি, যথাযথ কর ছাড় এ শিল্পের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

শনিবার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নেতারা বলেন, “পরিবেশের জন্যে ক্ষতিকর ইটের বিপরীতে পরিবেশবান্ধব ব্লক কারখানা এখন পর্যন্ত কোন ভর্তুকি বা আর্থিক প্রণোদনা পাচ্ছে না। কংক্রিট ব্লক কারখানার উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেশিনের অংশ প্লেট আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা আছে। এতে বিনিয়োগ খরচ অনেক বেড়ে যায়। অথচ এই পণ্যে শুল্ক আরোপের যৌক্তিক কারণ নেই।”

“ব্লক ও ইটের মধ্যে পার্থক্য তুলে ধরে সমিতির সভাপতি বলেন, “দেশে ৫ শতাধিকের উপরে ব্লক কারখানা রয়েছে। প্রতিটি ব্লক উৎপাদনে খরচ ৮-৯ টাকা। আমরা ১১-১২ টাকা বিক্রি করি। আর ইটের দাম সাড়ে ১২ টাকা ছিল গত বছর। এ বছর ইটের দাম কমিয়ে ৯-১০ টাকা করা হয়েছে।”

তিনি বলেন, “সরকার বলছে, ইটের বিকল্প, কিন্তু ভ্যাটে আমাদের কাছে ভিন্ন আচরণ, ভ্যাটের সমস্যা সমাধান করতে হবে। ব্লক বানানোর প্লেটের উপর বিদেশ থেকে আনার সময় ৭৫-৮০ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে।”

সারাবাংলা/এএইচএইচ/আরএস