Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৬:০২

ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ঘোষণা করেছেন আদালত। ২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসি’র নির্বাচনের ফল বাতিল এবং ইশরাককে বিজয়ী ঘোষণা করে এই রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। একইসঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছেন আদালত।

এর আগে, ২০২০ সালের ৩ মার্চ ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসি’র নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে মামলা করেন বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র হন নৌকার প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে মেয়র হন নৌকার আরেক প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করে বিএনপির দুই প্রার্থী। দলটির পরাজিত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে সিটি ভোটের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানায়।

সারাবাংলা/জিএস/এমএইচ/ইআ