Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একদিনে পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৬:০৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:২৭

পদ্মা সেতু

মুন্সিগঞ্জ: আজ থেকে শুরু হলো ঈদের ছুটি। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে বিভিন্ন পেশাজীবীর মানুষেরা। দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ঈদের ছুটি শুরু হওয়ার দিন সকাল থেকেই ভিড় বেড়েছে  টোল প্লাজা এলাকায়। একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা।

শক্রবার (২৮ মার্চ) ভোর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। দুপুর থেকে এ পর্যন্ত চাপ কমে এসেছে। বিশেষত মোটরসাইকেলের ও যাত্রীবাহী বাসের চাপ বেশি দেখা গেছে। তবে এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে।

বিজ্ঞাপন

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা থেকে গেল ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৮৫০ টাকা। এ সময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ১৭ হাজার ৩৩৫টি যানবাহন। জাজিরা প্রান্ত দিয়ে পারি দিয়েছে ১০ হাজার ৩৪৮টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ২৭ হাজার ৬৮৩টি যানবাহন।

তিনি আরও জানান, ঈদ ঘিরে পদ্মা সেতু হয়ে মাওয়া প্রান্তে যানবাহনের চাপ দেখা গেছে। এ অবস্থায় রাজধানী থেকে দক্ষিনবঙ্গমুখী যানবাহনগুলো নির্বিঘ্নে সেতু পারাপার হচ্ছে।

এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় সাতটি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদা টোল আদায়ের ব্যবস্থা।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ঈদ যাত্রায় পুরো মহাসড়কের বড় চ্যালেঞ্জ টোল প্লাজার সামনে যানবাহন নিয়ন্ত্রণ। ভোরে গাড়ির চাপ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা কমে এসেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ও যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশের আটটি ইউনিটসহ ৪০০ পুলিশ সদস্য কাজ করছে। এখন পর্যন্ত মহাসড়কে কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এমপি