Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বলেও কথা রাখেনি সরকার: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ২২:২০ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১২:২৯

এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন নাহিদ ইসলাম।

সিরাজগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এইবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

জুলাই বিপ্লবে শহিদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবীদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে— এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে সামনে আগানো। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সকলেই ঐক্যবদ্ধ হই।’

জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি। সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি ও অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের মুখপাত্র টি এম মুশফিক সাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, শহিদ পরিবারের পক্ষ থেকে ফজল হোসেন ও আহত মহসিন রেজাসহ আরও অনেকে।

ইফতার মাহফিলে জুলাই বিপ্লবে শহিদের পরিবার ও আহতরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সারাবাংলা/এমপি