Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৪:০০ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:৪৬

ঈদের ছুটিতে এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে ঢাকা। ছবি: সারাবাংলা

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এরইমধ্যে ফাঁকা হয়ে গেছে ঢাকা। রাজধানীর প্রধান প্রধান সড়কে গাড়ির কোনো চাপ নেই। অলিগলিতেও গাড়ির আধিক্য নেই। শনিবার (২৯ মার্চ) রাজধানীর একাধিক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে, ঈদের আগে শনিবারই শেষ কর্মদিবস। বেশিরভাগ বেসকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানা এদিন ছুটি হবে। বিকেলের পর থেকেই সড়কে ঘরে ফেরা মানুষের চাপ বাড়বে। ফলে সকাল থেকেই অনেকে ঢাকা ছাড়ছেন। কেউবা দুপুরে অফিস সেরেই পথে নামবেন। তবে সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হয়েছে আরও আগে। সরকারি হিসেবে শেষ কর্মদিবস ছিল গেল বৃহস্পতিবার (২৭ মার্চ)। ফলে শুক্রবারও ফাঁকা ছিল ঢাকা।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি। ফলে অনেকের ঈদ যাত্রা শুরু হয়েছে ২৫ মার্চ থেকেই। এর প্রভাবে শহরের প্রধান প্রধান সড়কে পরিবহনের আধিক্য নেই ও বিপণি বিতানগুলোতে কমেছে ক্রেতার চাপ।

ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। ছবি: সারাবাংলা

এদিকে, এবার ঈদের ছুটি বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছেন সাধারণ মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে যাত্রীর চাপ কম। মহাসড়কগুলোতে এখনও গাড়ির দীর্ঘ যানজটের তথ্য পাওয়া যায়নি। খুব অল্প সময়েই এবার মানুষ বাড়ি ফিরতে পারছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর রাস্তাগুলোয় গাড়ি কম, বাজারে মানুষ কম, সড়কে নেই যানজট। মার্কেট-বিপণি বিতানগুলোতেও নেই অতীতের মতো ক্রেতার ভিড়। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল সদরঘাট এবং কমলাপুর রেলস্টেশনেও চোখে পড়ার মতো যাত্রীচাপ রয়েছে।

এদিকে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। এই ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শনিবার দুপুরে রাজধানীর প্রবেশ ও বাহিরমুখ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রসঙ্গত, ২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক দুদিনের ছুটি শেষে ৩০ মার্চ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ঈদের ছুটি। ঈদের ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলবে আগামী ৬ এপ্রিল রোববার।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ