Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেষ মুহূর্তে উত্তরের মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই ভোগান্তি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৬:৪৩

শেষ মুহূর্তে এসে বেড়েছে গাড়ির চাপ, তবে নেই যানজট

সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সময়ের সঙ্গে সঙ্গে কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ। এর মধ্যে ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে বেড়েছে খোলা ট্রাক-পিকআপে চলাচল করা মানুষের সংখ্যা। তবে যানবাহনের চাপ বাড়লেও যানজট বা ধীরগতি না থাকায় এবার স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কড্ডার মোড়, মুলিবাড়ি চেকপোস্ট, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজটের দেখা মেলেনি। অনেকে যাত্রীবাহী যানের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও যাত্রা করেছেন। ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের ও দক্ষিণের যাত্রীরা। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও চিরচেনা যানজটের এই মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ জেলার চারটি মহাসড়কে ১ হাজার ৭০ জন পুলিশ মাঠে কাজ করছে। এর মধ্যে জেলা পুলিশ ৬৪৮, হাইওয়ে পুলিশ ৩২২ ও এপিবিএন ১০০ জন রয়েছে। পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের গোয়েন্দা শাখাসহ সেনাবাহিনী মহাসড়কের সার্বিক নিরাপত্তায় রয়েছে। সেই সঙ্গে মহাসড়কে ৪৫টি মোবাইল টিম ও ৫৬টি পিকেট টিম, যান চলাচল মনিটর করতে হাটিকুমরুল গোলচত্বর ও ঝাঐল ওভারব্রিজে দুটি ড্রোন ক্যামেরা প্রস্তুত রয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণে বিভিন্ন স্থানে রাখা হয়েছে রেকার।

সড়কে বেড়েছে মোটরসাইকেল পিকআপের সংখ্যা

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় পর থেকেই কয়েকগুণ যানবাহনের চাপ বেড়েছে এই মহাসড়কে। এবারের ঈদ যাত্রায় কোনো দুর্ভোগ ছাড়াই ঘরে ফিরবে মানুষ।

বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি) শহীদুল্লাহ বলেন, এখন পর্যন্ত মহাসড়কের কোনো স্থানে যানজটের খবর পাওয়া যায়নি। ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহন দুই লেন দিয়েই স্বাভাবিকভাবে চলছে। এবারের ঈদযাত্রায় উত্তরের ঘরমুখো মানুষের সমস্যা হয়নি।

সারাবাংলা/ইআ