Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৫ ০৯:৫৩

ঘটনাস্থল থেকে পুলিশের উদ্ধার করা অস্ত্র। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় রাতভর সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের পর শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশসহ ১১ জনকে আটক করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৩টা পর্যন্ত চলা এই অভিযানে ঘটনাস্থল থেকে ৫-৬টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী শেখ পলাশ (৩৩), কালা লাভলু (রুবেল ইসলাম) (৩৫), মো. আরিফুল (২৭), ফজলে রাব্বি রাজন (২৬), মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), ইমরানুজ্জামান (৩৩), ইমরান (৩৫), রিপন (৩৮), সৈকত রহমান (২৭), মো. মহিদুল ইসলাম (৩৫) এবং মো. গোলাম রব্বানী (২৬)।

সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান বলেন, নগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে সন্ত্রাসীরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ১১ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ৩ পুলিশ ও নৌবাহিনীর এক সদস্যও আহত হন। আহত পুলিশ সদস্যদের খুলনা পুলিশ হাসপাতালে এবং আহত নৌবাহিনীর সদস্য খুলনা নেভি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, একটি একনলা শর্টগান, একটি কাটা বন্দুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সারাবাংলা/এনজে