Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সারাবাংলা ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ০৪:৩২

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ঢাকা: ষষ্ঠ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগদান শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০ টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংককে তার সংক্ষিপ্ত সফরের সময় অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামেও বক্তব্য দেন। তিনি শুক্রবার বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়ে সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ এবং ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা এদিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার কাছ থেকে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করেন। এর আগে, প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এ ছাড়াও অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া এবং বিমসটেক মহাসচিব ইন্দ্রা মণি পান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব সুরক্ষা মন্ত্রী (এমএসডিএইচএস) ভারাউত শিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ৩ এপ্রিল অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন। ওইদিন অধ্যাপক ইউনূস ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানীতে পৌঁছেন।

সারাবাংলা/পিটিএম