Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে নারীরা সংগঠিত হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ০৯:৩২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০৯:৩৪

বাংলাদেশের মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারী চেতনার স্ফূরণ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের সঙ্গে সঙ্গে নারীরা সংগঠিত হয়েছিলো। সেই জাগরণকে কেন্দ্র করেই আমরা বাংলাদেশ মহিলা পরিষদ গড়ে তুলি।’

শুক্রবার (৪ এপ্রিল) ‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ মহিলা পরিষদ তাদের প্রতিষ্ঠানের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এ কথা বলেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সংগঠনের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। জাতীয় ও দুটি দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন সৈয়দা রত্না ও মাধবী বণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা। নারীর অধিকার মানবাধিকার স্লোগান দেন অ্যাড. মাসুদা রেহানা বেগম।

বিজ্ঞাপন

ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নারী আন্দোলনের মাধ্যমে নারীকে আমরা দৃশ্যমান পযার্য়ে নিয়ে যেতে পেরেছি। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে যে সংকট রয়েছে, নারীর জীবনেও তেমন অনেক সংকট রয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের কর্মীবাহিনীদের বিভিন্ন ধরনের সংকট মোকাবিলার জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য ধরে এগুতে হয়। বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে কৌশলগতভাবে সাজিয়ে আমরা এগিয়ে যাবো। এই শিক্ষা আমরা পেয়েছি বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভাপতি কবি সুফিয়া কামালের কাছ থেকে।’

তিনি আরও বলেন, ‘আজ গভীর শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই বীর মুক্তিযোদ্ধা ও যৌন নির্যাতনের শিকার, সহিংসতার শিকার নারীদের।’

ডা. ফওজিয়া মোসলেম বলেন, আমরা গৌরবাম্বিত আামাদের সংগঠনে কবি সুফিয়া কামাল, হেনা দাস, মনোরমা মাসীমা, আয়শা খানম, উমরাতুল ফজলের মতো নারী নেত্রীদের পেয়ে। ইতিমধ্যে আমরা হারিয়েছি বাংলাদেশ মহিলা পরিষদের অনেক বোনকে। তাদের মধ্যে নাটোরের পারুল, বরিশালের নূরজাহানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক মালেকা বানু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ফওজিয়া মোসলেম।

জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না ও মাধবী বণিক এবং রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।

সমাজে যতদিন না মানবাধিকার প্রতিষ্ঠা হবে, ততদিন মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে সাথে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও চলতে থাকবে বলেও অঙ্গীকার করেন ডা. ফওজিয়া মোসলেম। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীর সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, স্বাস্থ্য সম্পাদক দীপা ইসলাম, পরিচালক প্রশাসন ও আইটি রুনু দাশ, পরিচালক লিগ্যাল অ্যাডভোকেসি এন্ড লবি দীপ্তি শিকদার ।

এছাড়াও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা, সম্পাদক-মণ্ডলী, ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে