Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যে কারণে বিসিবির চাকরি ছাড়ছেন সৈকত

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫ ১১:২৫

বিসিবির চাকরি ছাড়ছেন সৈকত

আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার তিনি। শরফুদৌল্লা সৈকত গত কয়েক বছরে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক বেশ কয়েকটি আসরে দায়িত্ব পালন করে। সেই সৈকতই এবার ছাড়তে চাইছেন বিসিবির চাকরি!

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন সৈকত? ঘটনার সূত্রপাত ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী-মোহামেডান ম্যাচে। ম্যাচের একটি সিদ্ধান্ত নিয়ে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয় দায়িত্ব পালনরত আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। হৃদয় মূলত সৈকতের সঙ্গেই অসদাচরণ করেছিলেন। ম্যাচের পর সৈকতকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল।

বিজ্ঞাপন

সৈকতের সঙ্গে করা সেই আচরণের কারণেই ডিমেরিট পয়েন্টের পাশাপাশি নিষেধাজ্ঞা নেমে এসেছিল হৃদয়ের ওপর। ৭টি ডিমেরিট পয়েন্ট পাওয়া হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে পরবর্তীতে জানা যায়, আবেদনের ফলে ডিমেরিট পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। ফলে হৃদয়ের সেই নিষেধাজ্ঞাও কমে এক ম্যাচ করা হয়েছে। এক ম্যাচ পরেই সুপার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামেন হৃদয়।

হৃদয়ের শাস্তি কমে যাওয়ায় ক্ষুব্ধ সৈকত নিতে যাচ্ছে কঠিন সিদ্ধান্ত। সূত্র বলছে, বিসিবির চাকরি ছাড়তে এরই মাঝে বোর্ডকে চিঠি দিয়েছেন সৈকত। তবে সৈকতের ব্যাপারে আজ বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির। এই বৈঠকের পরেই জানা যাবে সৈকত শেষ পর্যন্ত চাকরিতে থাকছেন কিনা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো