ঢাকা: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
তারপর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন আয়োজনে অংশ নেন তিনি।
প্রথমে জিয়া উদ্যানে একটি গাছের চারা রোপণ করেন বিএনপি চেয়ারম্যান। পরে ক্রিসেন্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভা। আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রথম চেয়ারম্যান ছিলেন।