উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ও দীর্ঘদিন ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফের বদলাতে শুরু করেছে সেই চিত্র। পরিবেশবান্ধব পণ্য হিসেবে বিশ্বব্যাপী পাটজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি, বাজারে সন্তোষজনক দাম এবং কৃষি বিভাগের নিবিড় তদারকির ফলে পাট চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে বাড়ছে পাটের উৎপাদনও। এ কারণে বাড়ছে ফসলটির বেচাকেনাও। এই বেচাকেনা সাধারণত হাট-বাজার ও মিল-কারখানায় হলেও ব্যতিক্রমী এক বাজার হলো মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত দিঘীরপাড় বাজারের ভাসমান হাট। এই হাটটি পাট বেচাকেনায় প্রায় দুইশ বছরের পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে। বছরের নির্দিষ্ট মৌসুমে সপ্তাহে দু’দিন (সাধারণত সোম ও শুক্রবার) ট্রলারভর্তি পাট নিয়ে নদীর পাড়ে বসে বিশাল এই হাট। পদ্মার বুকের এই ভাসমান হাট চলে দিনভর বেচাকেনা। তেমনি এক হাটবারে পাট বেচাকেনার দৃশ্য ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।