Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে শ্রীলংকাকে হারাল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৭:৪১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৭:৪৫

শ্রীলংকা নারী দলের বিপক্ষে দুইশোর্ধ্ব রানের টার্গেট তাড়া করতে নেমে একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। কিন্তু একটা সময় মাত্র ১১ বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পরে যায় স্বাগতিকরা। সেই বিপদ কাটিয়ে শেষ পর্যন্ত জিতেছে বাংলাদেশ।

শ্রীলংকার নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের জয়ে দারুণ অবদান রেখেছেন শারমিন আক্তার। একাই ৮৭ রান করেছেন শারমিন।

এতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের অভিষেকটা হলো বাংলাদেশের জয়ে। নারী, পুরুষ মিলিয়ে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলো রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই দারুণ জয় পেল রাজশাহীবাসি।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) আগে ব্যাটিং করে ২০৫ রান তুলেছিল শ্রীলংকা নারী দল। পরে জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল হতাশার। মাত্র ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে তারপর সোবহানা মোস্তারিকে নিয়ে অসাধারণ একটা জুটি গড়েন শারমিন আক্তার।

চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়েন দুজন। সোবহানা আহত হয়ে ফিরলে এই জুটি ভাঙে। ফেরার আগে ৫৬ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন সোবহানা। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে দলকে টেনেছেন শারমিন।

তবে এই দুজনসহ মাত্র ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পরে যায় বাংলাদেশ। শারমিন ১২৭ বল খেলে ১৩টি চারের সাহায্যে ৮৬ রান করে ফেরেন। স্বর্ণা ৪৮ বলে ৩ চার ১ ছয়ে ৩৫ রান করে আউট হয়েছেন। শেষ দুই ওভারে জয়ের জন্য ২ রান দরকার ছিল বাংলাদেশের, নাহিদা আক্তার সেই সমীকরণ মিলিয়েছেন।

৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ২০৬ রান তুলে ফেলে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর