Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিগারের ব্যাটে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ০৬:৩৭ | আপডেট: ৩ জুন ২০২৬ ০৭:৩৯

স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির আরেকটি দারুণ ইনিংস এবং বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে টাইগ্রেসরা।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২৩ রানের মধ্যেই ফিরে যান ওপেনার দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস ও তাজ নেহার। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই চাপ সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। দুজন মিলে চতুর্থ উইকেটে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে প্রাথমিক ধাক্কা মোকাবিলা করেন। সোবহানা ৩১ বলে ৩৯ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন নিগার। ধারাবাহিক ভালো ফর্ম ধরে রেখে তিনি ৪৭ বলে অপরাজিত ৫৮ রান করেন। শেষ দিকে স্বর্ণার ২০ রানের কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। মাত্র ১ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। ডার্সি কার্টারকে ফেরান সানজিদা আক্তার এবং ক্যাথরিন ফ্রেসারকে আউট করেন মারুফা আক্তার।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ফিফটি করা স্কটিশ অধিনায়ক ক্যাথরিন ব্রাইস এবার বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ২১ রান করে আউট হন। উইকেটরক্ষক-ব্যাটার সারাহ ব্রাইস ৪০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৮ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিতুমনি, তিনি নেন ৪ উইকেট। এছাড়া মারুফা আক্তার ও সানজিদা আক্তার দুটি করে উইকেট শিকার করেন। এর আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে হারা বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে আজ প্রথম জয় পেলো।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর