Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? উত্তরে যা বললেন স্কালোনি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৬:৫১

ফুটবলে আর্জেন্টিনাকে ঘিরে সবচেয়ে আলোচিত বিতর্কগুলোর একটি হলো—ফিফা দলটিকে বিশেষ সুবিধা দেয়! সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন দাবি ও পাল্টা দাবি ঘুরে বেড়ায়। ২০২৬ বিশ্বকাপ চলাকালেও সেই প্রশ্ন উঠেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সামনে। তবে বিষয়টিকে গুরুত্ব দিতেই রাজি নন স্কালোনি।

কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কালোনিকে আর্জেন্টিনার প্রতি কথিত পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন করা হয়। ম্যাচ-পূর্ব প্রস্তুতির পাশাপাশি অনলাইনে ছড়িয়ে পড়া নানা আলোচনা ও গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয় কোচকে।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রশ্নের জবাবে স্কালোনি স্পষ্ট করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন থেকে নিজেদের দূরে রাখাই দলের নীতি।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কী লেখা হচ্ছে, আমরা তা দেখি না। ওগুলো না দেখলে এসব বিষয় নিয়েও ভাবতে হয় না।’

স্কালোনির মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, যা অনেক সময় বাস্তবতাকে আড়াল করে দেয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করতে পারে এবং মুহূর্তেই সেটি বড় আলোচনার বিষয় হয়ে যায়। আমার মনে হয়, এসবকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই রয়েছে উল্লেখ করে আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘এর ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। দুর্ভাগ্যজনকভাবে কেউ কোনো আজেবাজে কথা লিখলেই তা কয়েক সেকেন্ডের মধ্যে সবার কাছে পৌঁছে যায়। আমরা এসব নিয়ে মোটেও মাথা ঘামাই না।’

বাংলাদেশ সময় শনিবার ভোরে মায়ামিতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলকে অনলাইন বিতর্ক থেকে দূরে রেখে পুরো মনোযোগ মাঠের লড়াইয়ে রাখতে চান স্কালোনি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর