Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ করল মিশর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৪:২০

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার অফিশিয়ালদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম মিশরের নাটকীয়তায় ভরা ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিল দলটি। এবার সেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো চিঠিতে ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তের তদন্ত দাবি করেছেন। তার অভিযোগ, রেফারির একাধিক সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।

মিশরের আপত্তির মূল কেন্দ্র দুটি ঘটনা। প্রথমটি ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা গোল। ভিএআর পর্যালোচনার পর বিল্ডআপে ফাউলের অভিযোগ তুলে গোলটি বাতিল করেন রেফারি। মিশরের দাবি, ওই সিদ্ধান্ত সঠিক ছিল না।

দ্বিতীয় অভিযোগটি আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলকে ঘিরে। মিশরের দাবি, গোল হওয়ার আগে হামদি ফাথিকে ফাউল করা হলেও সেটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। তাদের মতে, ওই সিদ্ধান্তও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি অভিযোগ করেন, ম্যাচের ফল যেন আগেই নির্ধারিত ছিল এবং রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

এদিকে মিশরের আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা। অভিযোগটি পর্যালোচনা করা হবে কি না কিংবা এ বিষয়ে কোনো তদন্ত হবে কি না, সে সম্পর্কেও সংস্থাটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর