Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যখন ছাড়বে, তখনই বুঝবে রিয়াল মাদ্রিদ আসলে কী’—ভিনিসিয়ুসকে বলেছিলেন মরিনহো

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২৩:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০০:১৬

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে যখন নানা গুঞ্জন চলছিল, তখন তাকে ক্লাব না ছাড়ার পরামর্শ দিয়েছিলেন কোচ জোসে মরিনহো। শেষ পর্যন্ত সেই পরামর্শ কাজে এসেছে। দীর্ঘ আলোচনার পর স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে নতুন চুক্তিতে সই করে মাদ্রিদেই থেকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।

ভিনিসিয়ুসের সঙ্গে নিজের সেই কথোপকথনের বিষয়টি সম্প্রতি স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’-তে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন মরিনহো। পর্তুগিজ কোচ বলেন, রিয়াল মাদ্রিদ ছেড়ে গেলে ক্লাবটির বিশেষত্ব ভিনিসিয়ুস আরও ভালোভাবে উপলব্ধি করবেন—এই কথাটিই তিনি ব্রাজিলিয়ান তারকাকে বোঝানোর চেষ্টা করেছিলেন।

বিজ্ঞাপন

দুজনের সেই কথোপকথন সাক্ষাৎকারে তুলে ধরেছেন মরিনহো, ‘ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের প্রেমে পড়ে গেছে। আমি তাকে কেবল একটি কথাই বলেছিলাম: “ভিনি, তুমি কোথায় যেতে চাও? তুমি শুধু ব্রাজিলে খেলেছ আর রিয়াল মাদ্রিদকে চিনেছ। তুমি কেবল তখনই রিয়াল মাদ্রিদকে অনুধাবন করতে পারবে, যখন তুমি এই ক্লাব ছেড়ে যাবে। যখন ছাড়বে, তখনই বুঝবে রিয়াল মাদ্রিদ আসলে কী। ছেড়ে যেয়ো না। কোনো লাভ হবে না।”’

ভিনিসিয়ুসের সঙ্গে মরিনহোর সম্পর্ক অবশ্য কেবল চুক্তি নবায়ন নিয়ে কথাবার্তায় সীমাবদ্ধ থাকেনি। কোচের মতে, মাঠে ও মাঠের বাইরে একসঙ্গে কাজ করার ফলে দলের উন্নতির পাশাপাশি ভিনিসিয়ুসের আত্মবিশ্বাসও বেড়েছে।

মরিনহো যোগ করেছেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে একসাথে কাজ করে এই দলের উন্নতি ও বিকাশ অর্জন করছি, তা ভিনিসিয়ুসকে ভেতর থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করেছে।’

ভিনিসিয়ুসের রিয়াল ছাড়ার আলোচনা অবশ্য বেশ জোরালোই হয়েছিল। আগের চুক্তির মেয়াদ শেষের দিকে চলে আসায় নতুন চুক্তি না হলে আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ ছিল তার। সেই সম্ভাবনায় ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাবও তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালও ছিল আগ্রহী ক্লাবগুলোর তালিকায়।

তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালের সঙ্গেই নতুন করে চুক্তিবদ্ধ হন ভিনিসিয়ুস। চলতি মাসের শুরুতে করা সেই চুক্তির মেয়াদ ছয় বছর। অর্থাৎ দীর্ঘমেয়াদে সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর