Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নঈম-ফরিদা দম্পতি ও সন্তানদের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেট
৮ মার্চ ২০২৬ ১৩:৩৪ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৫:৩৯

ঢাকা: দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানদের মালিকানাধীন ২৩টি ব্যাংক হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিন এবং সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধানের সময়ে দুদক জানতে পারে, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা লোপ করতে চাইছেন। রাষ্ট্রের ক্ষতি রোধ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আদালতে বলা হয়।

বিজ্ঞাপন

জব্দ করা হিসাবগুলোর মধ্যে রয়েছে- এবি ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের বিভিন্ন শাখার হিসাব। আবেদনে উল্লেখ করা হয়েছে, এসব হিসাবে বিপুল অর্থ জমা রয়েছে। নঈম নিজামের নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখায় কোটি টাকার স্থায়ী আমানত (এমএসডি) সহ বড় অংকের ডিপিএস ও সঞ্চয়ী হিসাব রয়েছে। এছাড়া সন্তান মাহির আবরার ও নুজহাত পূর্ণতার নামে থাকা সঞ্চয়ী ও মেয়াদি আমানতও এই আদেশের অন্তর্ভুক্ত।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদ তারিকুল ইসলাম বলেন, এই হিসাব অবরুদ্ধ না হলে বিচারকালে রাষ্ট্র সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে না। আদালত শুনানি শেষে এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ সাতটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর