কুষ্টিয়া: রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্যাথলজি বিভাগে অনিয়মসহ নানা অভিযোগের পর কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে দুদকের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বুধবার হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করা হয়।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দফতরের নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম যাচাই-বাছাই করেন।
দুদুকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক সুরাইয়া সুলতানা বলেন, দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্যাথলজি বিভাগে অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতেই অভিযান পরিচালনা করা হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, দুদকের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে লিখিতভাবে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।