Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেইসলেট ট্রেন্ডে বদলে যাচ্ছে সাজের ধরণ

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৮:৪৬

ফ্যাশনের দুনিয়ায় প্রতিনিয়তই নতুন ট্রেন্ড আসে। তবে কিছু ট্রেন্ড এমনভাবে নজর কাড়ে যে সহজে চোখ এড়ায় না। তেমনই এক নতুন আকর্ষণ এখন ‘ফেইসলেট’। যা মূলত ফেইস চেইনের আধুনিক রূপ। এটি এমন এক অনন্য গয়না যা সাধারণ সাজকেও মুহূর্তেই করে তোলে অসাধারণ।

ফেইসলেট কী? সহজভাবে বললে, ফেইসলেট হলো মুখে পরার একটি স্টাইলিশ অলংকার। এটি গালের হাড়, চোখের পাশ বা কপালের রেখা বরাবর বসানো হয়। সাধারণ গয়নার মতো ঝুলে থাকে না। বরং মুখের গঠনকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এতে থাকে ছোট পাথর, ক্রিস্টাল, সোনালি বা রুপালি চেইনের সূক্ষ্ম কাজ। যা মুখে এনে দেয় এক ভিন্নমাত্রার সৌন্দর্য।

কেন এত জনপ্রিয়?

বিজ্ঞাপন

বর্তমান সময়ে ছবি, রিলস আর ভিডিওতে মুখের সৌন্দর্যই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। ফেইসলেট সেই জায়গাতেই আলাদা করে নজর কাড়ে। এটি সরাসরি দৃষ্টি টেনে নেয় মুখের দিকে। নতুনত্বপ্রিয় তরুণদের কাছে তাই এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও এর চাহিদা বেড়েছে।

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন

ফেইসলেট আধুনিক মনে হলেও এর শিকড় অনেক পুরনো। দক্ষিণ এশিয়ার নাকফুল বা মাথাপট্টি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুখের অলংকার। এসবেরই আধুনিক রূপ যেন এই ফেইসলেট।

বিয়ের সাজে নতুন মাত্রা

এখন অনেক কনেই গায়েহলুদ বা বিয়ের অনুষ্ঠানে ফেইসলেট ব্যবহার করছেন। হালকা চেইন বা পাথরের ডিজাইন পুরো লুকে এনে দেয় একধরনের কোমল গ্ল্যামার। বেশি ভারী না হয়েও এটি সাজকে করে তোলে আকর্ষণীয় ও আলাদা।

দৈনন্দিন স্টাইলেও মানানসই

শুধু বিয়ে নয় পার্টি বা আড্ডাতেও ফেইসলেট পরা যায়। তবে মেকআপ রাখা ভালো হালকা। কারণ এই গয়নাটিই নিজে থেকেই নজরকাড়া। শাড়ি, কামিজ বা ওয়েস্টার্ন সব পোশাকের সঙ্গেই মানিয়ে যায় বিভিন্ন ডিজাইনের ফেইসলেট।

সেলিব্রিটি প্রভাব

বিশ্বের জনপ্রিয় তারকা যেমন কে-পপ তারকারাও তাদের ফটোশুট ও মিউজিক ভিডিওতে ফেইসলেট ব্যবহার করছেন। ফলে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

সব মিলিয়ে ফেইসলেট শুধু একটি গয়না নয়। এটি ব্যক্তিত্ব ও স্টাইল প্রকাশের এক সাহসী মাধ্যম। যারা নিজের লুকে নতুনত্ব আনতে চান তাদের জন্য এই ট্রেন্ড হতে পারে দারুণ একটি পছন্দ। এই সিজনে চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন এই গ্ল্যামারাস ফ্যাশন।

সারাবাংলা/টিএম/এএসজি
বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন