Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৪:২৩

মোছা. ঝর্ণা বেগম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ মার্চ) বিকেলের দিকে ৩৫ বিজিবির অধীন রৌমারীর বাংলাবাজার সীমান্ত এলাকায় ভারতের শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের প্রতিনিধিদের সঙ্গে সীমান্তের মেইন পিলার ১০৬৫ এর নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই নারীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত পাওয়া ওই নারীর নাম মোছা. ঝর্ণা বেগম (৩৬)। তিনি বরিশাল জেলার মুলাদী উপজেলার আবুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বজলু সরদার ও মায়ের নাম মাকসুদা বেগম।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গত ১ মার্চ কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন ঝর্ণা বেগম। তিনি ময়মনসিংহ সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতের আমরাবাদ এলাকায় একটি সোয়েটার কারখানায় কাজ করতে যাওয়ার পথে বোঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন থেকে ভারতীয় রেলওয়ে পুলিশ (আরপিএফ) তাকে আটক করে।

পরে ভারতীয় পুলিশ তাকে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফের আহ্বানে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

রৌমারী বিজিবির বাংলাবাজার ক্যাম্পের নায়েক সুবেদার নিজাম উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হস্তান্তরকৃত ওই নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর