Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কচাকাটা সীমান্তে বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২২:০৫

বিজিবির কাছে হস্তান্তর করা বাংলাদেশি যুবক।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কচাকাটা থানার কেদার বিওপি ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার নম্বর ১০১৫-এর ১৪/এস এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের আহ্বানে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে ২২ কেদার বিওপি ক্যাম্প কমান্ডার জেসিও মো. নুর আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিএসএফের পক্ষে ৮৯ রোস্তম ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অরুণ কুমার সিংহের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

এ সময়ই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আল হাসান (৩০) নামের এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। আল হাসান মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হালিম ফারাজী।

বিজিবি জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আল হাসান। পরে ভারতের পুলিশ তাকে আটক করে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায়। সেখান থেকে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, ‘বিজিবি আল হাসানকে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বাবা মাদারীপুর থেকে এসে তাকে নিয়ে যান। পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর