Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৭

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জুন ২০২৬ ২৩:০৩ | আপডেট: ৫ জুন ২০২৬ ১২:৩৬

অভিযুক্ত নাঈমের বাড়িতে দগ্ধ একজন। ছবি: সংগৃহীত

পাবনা: জেলায় পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি স্কুলছাত্রী রিয়া খাতুন হত্যার ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। নিহত রিয়ার জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত নাঈমের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলোচিত এই হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রীর দাফন সম্পন্ন হওয়ার পরপরই উত্তেজিত জনতা খুনের ঘটনায় অভিযুক্ত নাঈমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা বাড়িতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আহতরা হলেন— সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাব্বির, সাফু, রনি, মনির, মজিবর, মুন্নি এবং নলদহ গ্রামের শাকিল ও সাব্বির।

পাবনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. কলি জানান, দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা অবস্থা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর