Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরসরাইয়ে ভারতীয় চোরাই পণ্যসহ মাইক্রোবাস জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৫:৩১ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১৭:৫৩

জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্য

চট্টগ্রাম: জেলার মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী করেরহাট এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এসময় একটি হায়েস মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল পাওয়া যায়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স চকলেট, ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। এছাড়া জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামাল ও গাড়ির মোট বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পণ্য প্রবেশের খবর আসছিল, যার ফলে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চালক ও এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর