Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতাল থেকে ক্যান্সার রোগী নিখোঁজ, ৮ দিনেও মেলেনি সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৮:০৮

নিখোঁজ পারভেজ হোসেন।

লক্ষ্মীপুর: রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন পারভেজ হোসেন (৪০) নামের এক ক্যান্সার আক্রান্ত রোগী। গত ২০ জুন হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার পর ৮ দিন পার হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি।

​রোববার (২৮ জুন) নিখোঁজ পারভেজের মামা শহিদুল্লাহ আহম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

​নিখোঁজ পারভেজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

এ ঘটনায় গত ২১ জুন তার মামা শহিদুল্লাহ রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৮১৬) করেছেন।

​শহিদুল্লাহ আহম্মদ জানান, গত ১১ জুন পারভেজকে ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুন তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ​’ওই দিন ভাগিনাকে নিচে বসিয়ে রেখে আমি রিপোর্টের ফাইল নিয়ে ওপরের তলায় যাই। ফিরে এসে দেখি সে সেখানে নেই। গলায় ক্যান্সারের কারণে পারভেজ ঠিকমতো কথা বলতে পারেন না। নিখোঁজের পর থেকে আমি হাসপাতাল ও আশেপাশের এলাকা খুঁজেও তার সন্ধান পাইনি।’

এই বিষয়ে জানতে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে নিখোঁজের মামা জানান, পুলিশ তার ভাগিনাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছে।

 

সারাবাংলা/এসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর