Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষা দেওয়া হল না লিয়ার, পথে নসিমনচাপায় গেল প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৯:৪৪

প্রতীকী ছবি

ভোলা: চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার পথে দ্রুতগামী নছিমনের চাপায় লিয়া বেগম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার তার সহপাঠীরা বিচারের দাবিতে মরদেহ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান টু শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. সফিকুল ইসলামের মেয়ে। সে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লিয়া বেগম পরীক্ষা দিতে মাদরাসায় যাচ্ছিল। পথে জলিল মাঝি নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছলে দ্রুতগতির নছিমনটি লিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তখন নসিমনের চালক পালিয়ে যায়।

বিজ্ঞাপন

লিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সহপাঠী ও স্থানীয়রা ছুটে এসে তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করে। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে শশীভূষণ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত। নছিমনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম চলছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর