সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় মোবাইলে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবককে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিয়েছিল।
নিহত রুবেল মোল্লা উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুবেল মোবাইলে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় তার কানে হেডফোন লাগানো ছিল। খেলার প্রতি মনোযোগী থাকায় দ্রুতগতিতে ছুটে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের হুইসেল তিনি শুনতে পাননি। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রূপকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।